দাবি চিফ প্রসিকিউটরের
ইলিয়াস আলী গুম: জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত ও সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে ইলিয়াস আলীর অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে উঠে এসেছে বলেও জানান তিনি।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন তার সাবেক এক কর্মকর্তা। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলী গুমের ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সাক্ষ্য অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল র্যাব সদর দপ্তর থেকে জিয়াউল আহসানসহ কয়েকজন কর্মকর্তা মহাখালী ফ্লাইওভার এলাকায় যান। সেখানে জিয়াউল আহসান বিভিন্ন স্থানে ফোন করে ‘টার্গেট’ আসার বিষয়ে খোঁজ নিচ্ছিলেন বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়।
সাক্ষী জানান, ওই সময় টার্গেট না আসায় তারা সেখান থেকে চলে যান। পরদিন গণমাধ্যমে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন তিনি।
সাক্ষ্যে আরও বলা হয়, পরবর্তীতে র্যাব সদর দপ্তরে যোগ দেওয়ার পর পরিবেশে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি। এক পর্যায়ে জিয়াউল আহসানের একটি ফোনালাপের বিষয়েও তিনি তথ্য দেন।
সাক্ষীর দাবি, ওই ফোনালাপে জিয়াউল আহসান ইলিয়াস আলীকে ‘গুম’ করার বিষয়ে কথা বলেন এবং পরে র্যাব সদর দপ্তরের কিছু সিসিটিভি ফুটেজ নষ্ট করার অভিযোগও উঠে আসে।
এদিকে, এ মামলায় একমাত্র আসামি হিসেবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।



















