সংসদে পাস ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১৫ জুন) নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাসের মাধ্যমে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে সম্পূরক বাজেট উত্থাপন করেন। পরে স্পিকার তা কণ্ঠভোটে দিলে বিলটি পাস হয়।
চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিভিন্ন খাতে ব্যয় সমন্বয়ের ফলে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যার মোট পরিমাণ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা।
সবচেয়ে বেশি অতিরিক্ত বরাদ্দ পেয়েছে অর্থ বিভাগ, যার পরিমাণ ২৮ হাজার ৬৫৫ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১২ হাজার ৪০৭ কোটি টাকা পরিকল্পনা বিভাগে এবং তৃতীয় সর্বোচ্চ ৪ হাজার ৯২৩ কোটি টাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিল পাসের আগে বিধি অনুযায়ী ২৫টি মঞ্জুরি দাবি সংসদে উপস্থাপন করা হয়। এসব দাবির ওপর বিরোধী দলের সদস্যদের আনা ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যের পর পৃথকভাবে মঞ্জুরি দাবিগুলো পাস হয় এবং শেষে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ অনুমোদনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




















