রোনাল্ডোর পথেই মেসি!
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারিতে ফুটবল দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ ক্লাব ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কিনে। এবার সেই পথেই হাঁটলেন লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলার পুরো মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বায়াক্স লোব্রেগাত অঞ্চলের এই দলের নতুন মালিক এখন মেসি। স্থানীয় পর্যায়ে তরুণ প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই বিনিয়োগ করেছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, মেসির আগমনে ক্লাবের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেলা অতীতে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০১৩-১৪ মৌসুমে তারা তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে খেলার সুযোগ পায়। ২০২১ সালের কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে বড় চমক দেখায় ক্লাবটি। বর্তমানে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে অবস্থান করছে তারা।
এর আগে ক্লাব মালিকানায় যুক্ত ছিলেন রোনাল্ডো, এবার সেই তালিকায় যোগ হলেন মেসিও। শুধু তাই নয়, এর আগেও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব পরিচালনায় যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি তরুণ ফুটবলারদের জন্য ‘মেসি কাপ’ নামে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছেন মেসি।
বার্সেলোনায় ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত সময়টা ছিল মেসির ক্যারিয়ারের স্বর্ণযুগ। ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে ক্লাব ইতিহাসে নিজের নাম লিখেছেন অনন্যভাবে। জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা।
এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে রোনাল্ডোর মালিকানাধীন ক্লাব ও মেসির নতুন ক্লাব কি কখনও মুখোমুখি হবে? সম্ভাবনা রয়েছে কোপা দেল রে কিংবা একই ডিভিশনে উন্নীত হলে লিগ ম্যাচে দুই দলের লড়াই দেখার।





















