ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তাঁর মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া সম্ভব।
বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
বার্তায় তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। প্রিয়জন হারানোর কষ্ট ভুক্তভোগী পরিবারই সবচেয়ে ভালো বোঝে। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে বহু মানুষকে এই বেদনা থেকে রক্ষা করা সম্ভব।
তারেক রহমান বলেন, দেশের মানুষ একসঙ্গে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল করেছে এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছে। সম্মিলিত উদ্যোগে এসব অর্জনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশের অন্যান্য সমস্যার সমাধানেও সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। এ উদ্যোগের সঙ্গে নাগরিকদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঘরের আনাচকানাচে, রাস্তাঘাটে কিংবা আশপাশের বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে টিকা নিয়ে বিভিন্ন পরীক্ষায় কার্যকারিতার সীমাবদ্ধতা দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।
নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘর, বাড়ির আশপাশ এবং চলাচলের পথ পরিষ্কার করেন। যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো পরিষ্কার রাখার ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার তখনই সফল হয়, যখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।





















