দুর্গাপূজা ঘিরে টাঙ্গাইলে নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় দুর্গাপূজার নিরাপত্তা, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক ড. পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি চিত্তরঞ্জন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া শ্রী শ্রী কালীবাড়ীর উপদেষ্টা ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী বক্তব্য দেন।
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আসা জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের নেতারাও সভায় অংশ নিয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


























