দেশজুড়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও স্থানীয় পর্যায়েও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশব্যাপী এ কর্মসূচি শুরুর কথা জানান।
তিনি বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপ শুরুর আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সে লক্ষ্যেই তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে তিন মাসের এই অভিযান কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, এখন সেটিই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিয়মিত নজরদারি ও মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখা গেলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।























