রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকটকে আর শুধু মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর যেমন বড় ধরনের চাপ তৈরি করছে, তেমনি তা আঞ্চলিক নিরাপত্তার জন্যও ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন ‘রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের প্রভাব এখন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও পড়ছে। তাই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই সংকট সমাধানের মূল পথ। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।





















