সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সভাটি বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন, স্বৈরাচারী আমল ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। কোথাও কোনো সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কাজ চলছে।
তিনি বলেন, “সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।”
‘অরাজকতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা’
সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ নির্বাচিত সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারা সমুন্নত রাখার পাশাপাশি গণতান্ত্রিক নীতি ও নৈতিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তা নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দেশের আইনেই নির্দেশনা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
‘প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল’
দেশের সংকটকালীন সময়গুলোতে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিটি সংকটের সময়ে দলটির নেতাকর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছেন। ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে আনতেও ভূমিকা রেখেছেন তারা।
বর্তমানে বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের চলমান জ্বালানি সংকটের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, শিল্পকারখানার মালিকসহ দেশের বহু সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কষ্টে রয়েছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।























