শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শুক্রবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
বিবৃতিতে বলা হয়, দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির ভাষণ, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি, ভাষণ বা সাক্ষাৎকার—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সব গণমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে সরকার আশা প্রকাশ করে বলেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিক প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।





















