বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সারাদেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্গত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রশাসন এবং দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বিভাগের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকার ১০ দফা জরুরি পদক্ষেপ বাস্তবায়ন করছে।
তিনি জানান, এ পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মোট ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
মাহ্দী আমিন আরও জানান, দুর্গত পাঁচ জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।



















