‘এখনও অনেকটা সময় আছে’— রাহুলকে প্রিয়াঙ্কার শেষ মেসেজ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় আড়াই মাস পরও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে নিয়ে জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। কাজের ব্যস্ততার মধ্যেই নিজেকে ধরে রাখলেও রাহুলকে ঘিরে অসংখ্য স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাকে।
সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’র প্রচারণায় অংশ নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা।
তিনি জানান, গরমের ছুটিতে ছেলে সহজকে নিয়ে বান্ধবগড় ভ্রমণের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু নানা ব্যস্ততায় সেই সফর আর হয়ে ওঠেনি। এ প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে প্রিয়াঙ্কা বলেন, রাহুলকে পাঠানো তার শেষ বার্তাগুলোর একটিতে তিনি লিখেছিলেন, “এখনও অনেকটা সময় আছে, পরে রিসার্চ করে নেওয়া যাবে।” কিন্তু আজ সেই কথাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় তাকে।
প্রিয়াঙ্কার ভাষায়, “আমরা সবাই ভাবি সামনে অনেক সময় পড়ে আছে। কিন্তু আসলে সময় খুবই সীমিত। সময় থাকতে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সঙ্গে মুহূর্তগুলো উপভোগ করা উচিত।”
রাহুলের মৃত্যুপরবর্তী সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, সবচেয়ে কঠিন ছিল এই খবরটি প্রথমে রাহুলের মাকে এবং পরে ছেলে সহজকে জানানো। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, রাহুল শুধু তার জীবনের অংশই ছিলেন না, ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণাও। পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং অন্যের কথা ভাবার শিক্ষা তিনি রাহুলের কাছ থেকেই পেয়েছেন।
রাহুলের পরিবারকে আগলে রাখার চেষ্টাও করছেন বলে জানান অভিনেত্রী। বিশেষ করে রাহুলের মা যেন একাকিত্বে ভেঙে না পড়েন, সে জন্য পরিবারের সবাই তাকে সময় দিচ্ছেন।
নিজের কাজ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, রাহুল ছিলেন তার সবচেয়ে বড় সমালোচক এবং সবচেয়ে নির্ভরযোগ্য মতামতদাতা। নতুন কোনো কাজ করলে তার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকতেন তিনি। সেই অভাব আজ সবচেয়ে বেশি অনুভব করেন।
রাহুলের অসমাপ্ত কাজগুলো দর্শকের সামনে আসুক— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রিয়াঙ্কা। তার মতে, একজন প্রতিভাবান অভিনেতা ও সৃজনশীল মানুষ হিসেবে রাহুলের প্রতি শ্রদ্ধা জানানোর এটিই সবচেয়ে বড় উপায়।
এদিকে নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’ নিয়েও আশাবাদী অভিনেত্রী। তিনি মনে করেন, ভিন্নধর্মী গল্প ও ডার্ক হিউমারের কারণে দর্শকদের কাছে সিরিজটি বিশেষভাবে সমাদৃত হবে।


















