মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নেবে
- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটকে আধুনিক ও সম্ভাবনাময় অঞ্চলে গড়ে তুলতে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সিলেট বিভাগের মহাসড়ক, রেলপথ ও আকাশপথে দীর্ঘদিনের যাতায়াত সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেট শুধু একটি প্রশাসনিক বিভাগ নয়; এটি দেশের অর্থনীতি, প্রবাসী আয় ও পর্যটনের অন্যতম কেন্দ্র। তাই অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা সহজীকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আরও জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সম্মানজনক ও ঝামেলামুক্ত পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আরিফুল হক চৌধুরী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, গতিশীল ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা সম্ভব এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে।
























