চিরকুটে লেখা ‘বেশি বাড়াবাড়ি করলে মারা যাবি’-উদ্ধার করলো পুলিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়িতে দুটি ককটেল বোমা ও চিরকুট রেখে হত্যার হুমকি দেয়া হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ বোমা ও চিরকুট উদ্ধার করে।
মাস্টার শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। এবং তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা।
শিমুল হোসেন জানান, তিনি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। শুক্রবার সকালে ঘর থেকে বের হলে উঠানে দুটি ককটেল বোমা ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালি দিয়ে লেখা ছিল বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি। এরপর তিনি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের জানান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি, ডিবি পুলিশের ওসি ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর পুলিশ দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে বিএনপির ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।






















