সৌদিতে ৯০০ হজযাত্রী মৃত্যু, খোঁজ মিলছে না অনেকের
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
সৌদি আরবে হজে গিয়ে অসহনীয় গরমে এ পর্যন্ত ৯২২ হজযাত্রীর মৃত্যু হয়েছে । এখনো বহু সংখ্যক হজযাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দেশটির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি সংখ্যাগত টালি করেছে বার্তাসংস্থা এএফপি।
চলতি বছর হজ শুরু হয়েছে ১৪ জুন। গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য সৌদির আবহওয়া দপ্তরের।
মৃতদের হজ যাত্রীদের অধিকাংশই মিসরের নাগরিক। হজের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৬০০ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মিসরের বাইরে জর্ডান,ইরান, ইন্দোনেশিয়া, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। সরকারি তথ্য অনুযায়ী, এবার হজ করতে মক্কায় গিয়ে ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ হজযাত্রী হজ করতে সৌদি আরে গেছেন। বিদেশি হজযাত্রীদের অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। এছাড়া এই হজযাত্রীদের মধ্যে এমন হাজার হাজার যাত্রী রয়েছেন, যারা বিধি মেনে সৌদিতে আসেননি। এর ফলে প্রখর তাপপ্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব তারা পাচ্ছেন না। অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা এই যাত্রীরা এমনকি থাকা, খাওয়া এবং এয়ার কন্ডিশন সুবিধাও পাচ্ছেন না।
























