পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান; ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাবনার শ্রীকোল বাজারে অবৈধভাবে মজুত রাখা ৪৬৬ বস্তা সার উদ্ধার করেছে এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ দল। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সার মজুত রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। এ সময় পাবনা এনএসআইয়ের উপপরিচালক লুৎফুল কবীর ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের আট থেকে নয়টি সার গোডাউন ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় বাচ্চু মল্লিক, কালাম খান ও হেলাল মোল্লার দোকান ও গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ডিএপি, এমওপি ও ইউরিয়া সারের ৪৬৬ বস্তা উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাসিফ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ছয় থেকে সাতটি গোডাউনে এসব সার মজুত রাখা হয়েছিল।
উদ্ধার করা সার পরবর্তী সময়ে সাদুল্লাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি বিসিআইসি ডিলার আফতাব আলীর কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অবৈধভাবে সার মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, আসাদুজ্জামান কালামকে ১০ হাজার টাকা এবং হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাঁদের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করা, কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















