সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
মামলার পরদিনই আদালতে এফিডেভিট; বাদীর দাবি, থানায় ডেকে নিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে, ওসির বক্তব্য—নিজেই এজাহার দিয়েছেন, ভিডিও ফুটেজ রয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মামলার বাদী নিজেই আদালতে এফিডেভিট দাখিল করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। তাঁর দাবি, থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর সেটিকে এজাহার হিসেবে তৈরি করে মামলা করা হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছে পুলিশ। তাদের দাবি, বাদী নিজেই থানায় গিয়ে এজাহার দিয়েছেন এবং এর ভিডিও ফুটেজও রয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম এবং অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এর পরদিন ২২ নভেম্বর মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম আদালতে এফিডেভিট জমা দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন।
আদালতে দাখিল করা এফিডেভিটে মাহাবুব আলম অভিযোগ করেন, ২১ নভেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি মুঠোফোনে তাঁকে থানায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর একটি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে বলে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই কাগজকে এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা দায়ের করা হয়েছে।
এফিডেভিটে তিনি আরও দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। পুরো ঘটনাকে পুলিশের কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাককে (২৮) গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে বাদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ওসি আমানুল্লাহ আল বারি। তাঁর ভাষ্য, মাহাবুব আলম নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো কৌশল অবলম্বন করা হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাহাবুব আলম এ প্রতিনিধিকে বলেন, “আমি কোনো মামলা করিনি। কোনো ঝামেলায় জড়াতেও চাই না। যারা দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁরা মামলা করবেন। আমাকে এখানে ফাঁসানো হয়েছে।”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর পক্ষে সাব-ইন্সপেক্টর বিল্লাল জানান, পুলিশ সুপার ব্যস্ত রয়েছেন। বিষয়টি তাঁকে জানানো হবে।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ ও রাণীশংকৈল শান্তিপ্রিয় এলাকা। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে মামলাটি করেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বাদী মামলা প্রত্যাহার করবেন।
বাদীর এফিডেভিটে উত্থাপিত অভিযোগ এবং পুলিশের পাল্টা বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে। সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল কি না, এজাহার কে ও কীভাবে তৈরি করেছেন এবং থানার ভিডিও ফুটেজে কী রয়েছে—এসব প্রশ্নের নিষ্পত্তি না হলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে না। তাই সংশ্লিষ্ট নথি, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে।





















