২৬ কোটি টাকায় বদলে যাচ্ছে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডি লেকের চেহারা বদলে দিতে শুরু হয়েছে বড় ধরনের উন্নয়নকাজ। তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণে ব্যয় হবে প্রায় ২৬ কোটি টাকা। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখনন বা ড্রেজিং। এরপর পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ লেক ঘিরে অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে।
রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেক এলাকায় ‘নজরুল সরোবর’ নামে আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এক বছরে সরবে ১ লাখ ৬২ হাজার ঘনমিটার স্লাজ
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ডিএসসিসি জানিয়েছে, প্রায় ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটির তলদেশে জমেছে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা কাদা-বর্জ্য।
প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার করে স্লাজ অপসারণের পরিকল্পনা রয়েছে। এ কাজে ব্যবহার করা হবে দুটি ভাসমান এক্সক্যাভেটর ও চারটি বার্জ। পুরো পুনঃখননকাজ শেষ করতে সময় লাগবে প্রায় এক বছর।
প্রাথমিকভাবে এ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ কোটি টাকা।
এরপর হবে পানি শোধন ও পাড় সংস্কার
ড্রেজিং শেষ হওয়ার পর ধানমন্ডি লেকের পানি শোধন, পাড় সংস্কার, হাঁটার পথ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। পাশাপাশি লেকের আশপাশের অবকাঠামোও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এর অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের মতো একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হবে ‘নজরুল সরোবর’।
‘লেক সংস্কার করা হবে বিস্তারিত নকশা অনুযায়ী’
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা ছিল তাঁর নির্বাচনী অঙ্গীকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন করেছেন।
তিনি বলেন, সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে লেকের তলদেশের স্লাজ অপসারণ শুরু হয়েছে। বিস্তারিত নকশা অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে।
লেকের পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।























