সিলেটে টানা দুই দিন তীব্র গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সিলেটে টানা দুই দিন ধরে অনুভূত হচ্ছে তীব্র গরম। শরতের নীল আকাশের নিচে বেড়েছে তাপের দাপট, অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলেও আবার শুরু হয়েছে তাপপ্রবাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট, শ্রীমঙ্গলসহ দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেখানে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
তাপপ্রবাহের আওতায় থাকা অন্যান্য এলাকার মধ্যে টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, ফরিদপুরে ৩৭, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৭, যশোরে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৭, ফেনীতে ৩৬ দশমিক ২ এবং চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চলতি মাসে এর আগেও দুই দফায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ দেখা দিয়েছিল। গত মঙ্গলবার ২৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন এর বিস্তৃতি কমে ১১ জেলায় দাঁড়ায়। এরপর দুই দিনের বিরতি শেষে শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। রোববার বৃষ্টিপাত বাড়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার ফের তাপমাত্রা বেড়ে যায়।
তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কমে আসতে পারে।
এদিকে উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। পরে এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই লঘুচাপের প্রভাবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















