ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সাময়িক বিরতির পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিজেদের অবস্থান সংশোধন না করলে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
রোববার এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার প্রশ্ন হলো, আমি কখন কীভাবে পুরো দেশটাকে উড়িয়ে দেব? তার চেয়ে বরং ওদের উচিত নিজেদের শুধরে নেওয়া।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের বিষয়ে ট্রাম্প বলেন, চাইলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারেন অথবা অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারেন। আবার পরিস্থিতি বিবেচনায় কূটনৈতিক সমাধানের পথও বেছে নেওয়া সম্ভব।
তবে ইরানের বিরুদ্ধে শিগগিরই বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে—সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
আলোচনার পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা ইরানের
সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ বলেছেন, বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনাও অব্যাহত রাখার উপযুক্ত সময় এখন।
তিনি বলেন, ইরানের কূটনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো আপস করতে তারা রাজি নয়। প্রতারণা বা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথও বন্ধ করতে হবে। ইরানের সব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে সতর্ক করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে এর জবাবে কষ্টদায়ক হামলার মুখোমুখি হতে হবে।























