ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং বাণিজ্যিক যোগাযোগ জোরদারে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
টাস্কফোর্স গঠনে আলোচনা চলছে
সাক্ষাৎকালে পাওয়ানকুমার তুলশিদাস বাধে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি বিটুবি টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।
টাস্কফোর্স গঠনের উদ্যোগ সফল করতে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু
ভারতের ডেপুটি হাইকমিশনার জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করছে বলেও উল্লেখ করেন তিনি।
যৌথভাবে কাজের আহ্বান এফবিসিসিআই প্রশাসকের
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে একটি যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।





















