প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। সফরসঙ্গীদের মধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সফরসঙ্গীদের মধ্যে যারা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তাদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম
পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানও নিউইয়র্ক থেকে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হবেন।
সানফ্রান্সিসকোতে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি
সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কি না, জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধিদলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।






















