‘শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
‘শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী ও শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি রয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগের ‘অধ্যায় ক্লোজ হয়ে গেছে’ এবং বাংলাদেশে দলটির নতুন করে ফিরে আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।’
জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে পুঁজি করে লংমার্চ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে লংমার্চ করে রাষ্ট্রকে অশান্ত করা হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হতে পারে।
রাশেদ খাঁনের ভাষ্য, ‘শেখ হাসিনা অপেক্ষা করছে, জামায়াত কতদিনে, কত সময়ে রাষ্ট্রকে অশান্ত করে।’ তাঁর দাবি, আওয়ামী লীগের ফিরে আসা অনেকটাই জামায়াতের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে।
আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে এলে আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, একইভাবে সাধারণ মানুষকেও হত্যার শিকার হতে হবে।
জামায়াত বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আন্দোলনে গেলে জনগণই এর বিরুদ্ধে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর ভাষায়, যে সংগঠন আবরার ফাহাদকে হত্যা করেছে, সেই সংগঠন ও দলের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, যারা আধিপত্যবাদবিরোধী এবং আবরার ফাহাদের চেতনাকে ধারণ করেন, তারা রাজপথে থাকবেন এবং আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ মোকাবিলা করবেন।
আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নের দাবি করে রাশেদ খাঁন আরও বলেন, শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট না করলে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। তাঁর দাবি, এটিই আবরার ফাহাদের চেতনার বাস্তবায়ন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, অতীতের ‘রাখী বন্ধন’ ছিন্ন করে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়তে চায়।
রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের হলে তাঁর নাম দেওয়া হয়েছে।
তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে, ইনশাআল্লাহ।
এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

























