শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি: স্পিকার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের দেওয়া সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণের মাধ্যমে এখন জনগণের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন। অথচ গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিতেন এবং নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। কিন্তু স্বজনদের সামনে এমন আচরণ করতেন, যেন তিনিও বিষয়টি জানেন না। এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। তখন জনগণ তা বুঝতে পারেনি। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে।’
স্পিকার আরও বলেন, ‘একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। তাঁর সঙ্গে কতটা নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে, তা এখন সামনে এসেছে।’
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এমনভাবে পালিয়েছেন যে দেশের বিচারপতিও পালিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। গত ১৭ বছরে যারা বিভিন্ন পদে ছিলেন, তাঁদের অনেকেই পালিয়েছেন।’
মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।























