বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী? পাত্র নাকি নৌসেনার কর্মকর্তা

- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
কলকাতার টলিপাড়ায় ফের জোরালো মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন। জনপ্রিয় এই অভিনেত্রী নাকি আগামী ডিসেম্বরেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। শুধু তাই নয়, বিয়ের আসর বসতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। পাত্র হিসেবে শোনা যাচ্ছে নৌসেনায় কর্মরত এক ব্যক্তির নাম—সিদ্ধার্থ।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি মিমি চক্রবর্তী কিংবা কথিত পাত্রের পক্ষ থেকে। এমনকি অভিনেত্রীর আপ্তসহায়কও এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। তবু টলিপাড়ায় দিন দিন জোরালো হচ্ছে মিমির বিয়ের জল্পনা।
বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মিমি। পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির শুটিংও শুরু করার কথা রয়েছে তাঁর। পেশাগত ব্যস্ততার মধ্যেই যদি বিয়ের আয়োজন সত্যিই শুরু হয়ে থাকে, তাহলে বিষয়টি যে বেশ চমকপ্রদ, তা বলাই যায়।
জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেল হিসেবে কাজ করতেন। পরে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ছোট পর্দার সেই পরিচিতি দ্রুতই তাঁকে পৌঁছে দেয় বড় পর্দায়। ‘বাপী বাড়ি যা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন তিনি।
বাণিজ্যিক ছবির চেনা নায়িকা-ছবির বাইরে ভিন্ন ধরনের চরিত্র বেছে নেওয়ার কারণেও শুরু থেকেই আলাদা নজর কেড়েছেন মিমি। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ বেড়েছে।
বিশেষ করে কবে বিয়ে করছেন—এ প্রশ্ন বহুবার শুনতে হয়েছে অভিনেত্রীকে। এতদিন অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমির দেওয়া একটি মন্তব্য নতুন করে উসকে দিয়েছে বিয়ের জল্পনা।
তাহলে কি সত্যিই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি? কালিম্পংয়ে কি বসছে তাঁর বিয়ের আসর? আর কথিত সেই নৌসেনা কর্মকর্তা সিদ্ধার্থই কি হতে যাচ্ছেন তাঁর জীবনসঙ্গী? আপাতত উত্তর অজানা। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাই সবটাই থাকছে জল্পনার পর্যায়ে।






















