রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দলের পক্ষে প্রথম মনোনয়নপত্রটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আরেকটি সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে দুটি মনোনয়নপত্র কার নামে সংগ্রহ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রপতি নির্বাচনে একই প্রার্থীর নামে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ভুল বা ত্রুটি থাকলে বিকল্প মনোনয়নপত্রটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই এই বিধান।
১১ দলের প্রার্থী অলি আহমদ
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।























