হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল ৪টা ১২ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাঁকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছানোর আগে থেকেই তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী ছোট শিক্ষার্থীদের কাছে এগিয়ে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দীর্ঘদিনের প্রবীণ ইসলামী পণ্ডিত হিসেবে পরিচিত।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি।























