সরকারের তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে কোনো ধরনের দলীয় আনুগত্য বা তোষামোদ প্রত্যাশা করে না; বরং সত্য তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখুক—এটাই সরকারের প্রত্যাশা।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মনে করেন গণমাধ্যম সমাজের বিবেক হিসেবে কাজ করে। তাই কেবল রাজনৈতিক সংবাদ বা বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোও সংবাদমাধ্যমে গুরুত্ব পাওয়া উচিত।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে, সেখানে গণমাধ্যমকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন, সংস্কার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দুপুর দেড়টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকরা অংশ নেন।
বৈঠকে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিনিধিরা জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ, নীতিগত সংকট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, গণমাধ্যমকে কোনো রাজনৈতিক শক্তির প্রচারযন্ত্র নয়, বরং স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে।
বৈঠকে টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা বর্তমান সময়ে গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা, আর্থিক সংকট ও নীতিগত জটিলতার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং গণমাধ্যমের স্বাধীন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, গণমাধ্যম যাতে কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করতে পারে, সে বিষয়ে সরকার আন্তরিক। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতি গঠনে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।



















