বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য : তথ্যমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য।
সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ স্মরণ এবং ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিশন গণমাধ্যমের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে এবং একই সঙ্গে স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করবে। তার মতে, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক।
তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যম সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণতা পায়নি। ফলে একটি শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে ওঠেনি। এই ব্যর্থতার দায় বিগত সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে বিচারপতির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও একটি কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে তথ্য ও আইন মন্ত্রণালয়, সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ এবং প্রেস ক্লাবের প্রতিনিধিরা থাকতে পারেন।
তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা যেমন ব্রিটিশ অফকম বা যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।
সেমিনারে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদপত্র নিয়ন্ত্রণ ও বন্ধের ঘটনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।




















