উদ্বেগ বাড়াচ্ছে সিলেট, হাম–নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি বছরে এ পর্যন্ত আক্রান্ত হয়ে ৬৯ জন শিশু এবং এক নার্সের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২২ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে ১৭৭ জন, সিলেটে ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রোগী রয়েছে। হবিগঞ্জে দুইজন রুবেলা রোগীও শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৯৭ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা চলছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু না হলেও মোট মৃত্যুর সংখ্যা ৬৯-এ পৌঁছেছে। আক্রান্তদের চিকিৎসা ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।




















