ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সংঘর্ষের মধ্যে ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দেশটির সরকারি সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হলেও, কোথায় এবং কীভাবে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খাদেমির আগে গোয়েন্দা শাখার প্রধান ছিলেন মহম্মদ কাজ়েমি, যিনি গত বছরের জুনে ইসরায়েলের হামলায় নিহত হন। তার মৃত্যুর পরই ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব নেন খাদেমি। এক বছরের ব্যবধানে একই পদে দুই কর্মকর্তার মৃত্যু পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
এদিকে, ইরানকে আলোচনায় বসাতে ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা (মার্কিন সময়) পর্যন্ত সময় দিয়ে তিনি সতর্ক করেন, এর মধ্যে সমঝোতা না হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, উত্তেজনার মধ্যেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য সংঘাত স্থগিত রাখার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

























