গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকার যানজট কমাতে দক্ষিণবঙ্গগামী বাসের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় অস্থায়ী টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় নির্মাণাধীন এ টার্মিনাল দিয়ে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এখান থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝিলমিল এলাকায় টার্মিনালটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি ট্রাফিক জোন) এ কে এম মঞ্জুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এ উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, নতুন টার্মিনাল চালু হলে গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে দক্ষিণাঞ্চলগামী বাস সরিয়ে নেওয়া হবে। এতে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
১০ একরে ডিপো, পরিকল্পনায় আরও ৭৫ একর জমি
ঝিলমিল প্রকল্পের ১০ একর জায়গায় বর্তমানে ডিপো তৈরির কাজ চলছে। অস্থায়ী টার্মিনালের মাধ্যমে বাস চলাচল শুরু করার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ উদ্দেশ্যে রাজউকের মাধ্যমে আরও ৭৫ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গগামী বাসের যাত্রা ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। পাশাপাশি রাজধানীর ব্যস্ত সড়কে যানবাহনের চাপ কমানো এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পথ তৈরি হবে।
তবে নতুন টার্মিনাল চালুর পর যানজট কতটা কমবে, তা নির্ভর করবে বাস স্থানান্তর, টার্মিনাল ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কার্যকারিতার ওপর।






















