আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমান সুযোগের ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য—‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রতিপাদ্যে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কন্যাশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষায় সমান সুযোগ তৈরি, স্বাস্থ্যসেবার প্রসার এবং সহিংসতা ও বৈষম্য থেকে তাদের সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের অন্যতম উদ্দেশ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা। পাশাপাশি আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করার মাধ্যমে সমাজে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাও দিবসটির গুরুত্বপূর্ণ লক্ষ্য।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু দিবস পালন নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বাল্যবিয়ে বন্ধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং অধিকার সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়েই কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের পথ আরও সুগম হতে পারে।






















