আদমদীঘিতে ৬৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সতর্কতার আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি নির্বিঘ্ন, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছে আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপূজা শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনারও প্রতীক। তাই উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
৬৯ মণ্ডপে হবে পূজা
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার এবং উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন জানান, এবার আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তারা জানান, এরই মধ্যে প্রায় সব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে রং ও সাজসজ্জার কাজ, যা দু-এক দিনের মধ্যে শেষ হওয়ার কথা।
তাদের আশা, অন্যান্য বছরের মতো এবারও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তারা।
মণ্ডপে সিসিটিভি ও অগ্নিনিরাপত্তার দাবি
পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নাশকতা ঠেকাতে প্রশাসনের সহযোগিতা চান নেতারা
পূজা উদযাপন ফ্রন্টের আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, আদমদীঘির একটি পূজা সংগঠনে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা এবং নাশকতার মামলার আসামি হিসেবে পরিচিত কয়েকজন এখনো নেতৃত্বে রয়েছেন। তাদের ভাষ্য, এ বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
এদিকে আদমদীঘিবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আয়োজকরা সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।






















