জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
২৭৬ নম্বর পিলার এলাকায় নেওয়া হয় তিন যুবককে
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় বাসিন্দা আজিম হোসেন জানান, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের তিন যুবককে পিলারসংলগ্ন এলাকায় নিয়ে আসতে দেখেন।
বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে তৎপর হয় বিজিবি। পরে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান নেন।
বিজিবি-গ্রামবাসীর অবস্থানে ব্যর্থ চেষ্টা
২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্য ও স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়ে পাহারা শুরু করেন। ফলে তিন যুবককে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রের দাবি, পরে ওই তিন যুবককে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত নেওয়া হয় এবং তারা বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক
ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে সকাল ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে প্রথম দফার প্রায় এক ঘণ্টার বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। প্রথম বৈঠকে সমাধান না হওয়ায় পরবর্তী বৈঠকের প্রস্তুতি চলছে।

























