রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলাকেটে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রানীকে (৬৫)।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ তাদের গলাকাটা লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের বাড়িতে এই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানান, যোগেশ চন্দ্র রায় শিক্ষক ছিলেন। ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে শুধু স্বামী-স্ত্রী থাকতেন।
খবর পেয়ে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।





















