‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করেছেন চিকিৎসকরা, নিরাপত্তায় বিজিবি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
সারা দেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় তারা এই কর্মসূচি স্থগিত করেন।
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন চিকিৎসকরা।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে।
এর আগে শনিবার (৩১ আগস্ট) বিকেলে শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অবহেলায় তার মৃত্যুর অভিযোগ তুলে দীপ্তর ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঢামেকে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিট করা হয়। এ সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।
এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যান ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন তারা।
এদিকে, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।






















