সিএনজি নিয়ে দিনে রেকি, রাতে ডাকাতি: গ্রেপ্তার ৩
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, পাঁচটি কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (১০ জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও মো.উজ্জল (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।
ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।























