নোট অব ডিসেন্টসহ যেভাবে সই, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন কমিটি সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, নোট অব ডিসেন্টকে আলাদা করে আটকে রেখে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। বরং ঐকমত্যের ভিত্তিতে সবাই যে সনদে স্বাক্ষর করেছেন, সেটিই জাতীয়ভাবে স্বাক্ষরিত দলিল হিসেবে বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে সংবিধান সংশোধনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে।
নির্বাচনী ইশতেহার, বিভিন্ন জনদাবি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাব বিবেচনায় নিয়ে একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করা হবে। পরে সেই প্রতিবেদন অনুসারে সংসদে বিল উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে যে গণভোট হয়েছে, সেটি আইনি গণভোট। তবে গণভোটসংক্রান্ত অধ্যাদেশকে এখনো আইনি রূপ দেওয়া সম্ভব হয়নি, কারণ এতে বেশ কিছু সমস্যা ছিল।
তিনি বলেন, সামনে যে সংবিধান সংশোধনী আনা হবে, সেখানে বিভিন্ন অনুচ্ছেদের পরিবর্তন, সংশোধন ও সংযোজনের প্রস্তাব থাকতে পারে। এসব সংশোধনী গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করতে হবে। সেটিই হবে সাংবিধানিক গণভোট।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা কেন লংমার্চ করছে, সেই প্রশ্নের জবাব বিরোধী দলই দেবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক কর্মসূচির অংশ।
তবে লংমার্চ, সভা-সমাবেশ বা বক্তৃতা—যাই করা হোক না কেন, সংবিধান সংশোধনের বিষয়টি জাতীয় সংসদেই হবে বলে জানান তিনি।























