লাঞ্ছনার পর ‘জয় বাংলা’ স্লোগান, ইতালিতে বাঁধনকে হেনস্তার দাবি

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
বাঁধনের ভাষ্য, ইতালির একটি স্থানীয় পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ একদল ব্যক্তি তার ওপর চড়াও হয়। এ সময় তাকে লক্ষ্য করে কোল্ড ড্রিংকস ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। পুরো ঘটনার সময় তাকে উদ্দেশ করে গালিগালাজ ও অসংগত আচরণ করা হয়।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বাধ্য করার অভিযোগ
বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে। একপর্যায়ে তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, তার গায়ে হাত তোলার পাশাপাশি ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এ ধরনের সহিংস ও অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাঁধন বলেন, এভাবে কারও ওপর হামলা চালিয়ে বা তাকে অপমান-হেনস্তা করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা কিংবা কোনো উদ্দেশ্য অর্জন করা সম্ভব নয়।
জয়ের দৃষ্টি আকর্ষণের অনুরোধ
ঘটনাটি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণের অনুরোধও জানিয়েছেন বাঁধন। তার দাবি, জয় বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অভিনেত্রী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে একদল ব্যক্তিকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত আচরণ করতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিচ্ছেন এবং বাঁধনকে নিয়ে আপত্তিকর ও গালিগালাজপূর্ণ মন্তব্য করছেন। তবে এসব ভিডিওর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সময়ই এমন ঘটনার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।
























