খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১০ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর খুচরা বাজারে গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ১০ টাকা বেড়েছে। একইসঙ্গে খোলা পাম তেলের দামও বৃদ্ধি পেয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকার মধ্যে। খোলা পাম তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ১৮৪-১৮৫ টাকায়, যা আগে ছিল প্রায় ১৭৫ টাকা।
বিক্রেতারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হওয়া এবং জ্বালানি সংকটজনিত পরিবহন খরচ বাড়ার কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে। ফলে মিলগেট থেকে শুরু করে পাইকারি ও খুচরা পর্যায়—সব জায়গায়ই তেলের দাম বেড়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। আর বছরে ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে ১৮ শতাংশ।
এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকায় অনেক ভোক্তা খোলা তেলের দিকে ঝুঁকছেন। তবে খোলা তেলের দামও বাড়তে থাকায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

























