ভোটের ফলাফল নিয়ে সংকটে পড়তে পারে অন্তর্বর্তী সরকার: আইসিজি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) মনে করছে, ভোটের ফলাফল নিয়ে বিরোধ দেখা দিলে তা সামাল দেওয়া ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিজি জানিয়েছে, সাম্প্রতিক জনমত জরিপে বিএনপি জামায়াতকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে, তবে জামায়াতও আগের যে কোনো সময়ে চেয়ে ভালো ফল করার পথে রয়েছে।
তবে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে আইসিজি নিরাপত্তার অবনতি উল্লেখ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ১৬ জন রাজনীতিক নিহত হয়েছেন। এছাড়া প্রার্থী, আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসামূলক হামলার ঘটনা ঘটেছে।
আইসিজি সতর্ক করেছে, ভোট শান্তিপূর্ণভাবে হলেও ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে তা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এতে অন্তর্বর্তী সরকার কঠিন পরীক্ষার মুখে পড়বে। পাশাপাশি পরবর্তী সরকারকে ‘জুলাই সনদ’সহ বিভিন্ন সংস্কার বাস্তবায়নের জন্য প্রবল চাপের মুখে পড়তে হবে। অন্যথায় নির্বাচনের পরিশেষে প্রতিশ্রুত রাজনৈতিক পরিবর্তন কেবল লোক দেখানো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
















