ড. শফিকুল ইসলাম মাসুদ
নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বাউফল থানার ওসি

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাকে বহাল রেখে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের প্ররোচনায় আমাদের দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালানো হয়েছে। আগে নিশ্চিত হয়ে অভিযান চালানো উচিত ছিল। পুলিশের উপস্থিতিতে কিছু পাওয়া যায়নি, সুতরাং এটি প্ররোচিত কাজ।”
ড. মাসুদ আরও প্রশ্ন তুলেছেন, “পুলিশ অভিযান চালানোর আগে ছাত্রদলের আহ্বায়ক ও তার সহযোগীরা কীভাবে আগে থেকে জানতে পেরেছিলেন? সাংবাদিকরা উপস্থিত ছিলেন, তারা কীভাবে খবর পেল?” তিনি বলেন, এই ঘটনায় বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, দ্রুত তাকে থানায় থেকে প্রত্যাহার করতে হবে।
এছাড়া তিনি জানান, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বাউফলে আগমন করবেন। স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া ১১ দলীয় জোটের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন। ড. মাসুদ বাউফলের সর্বস্তরের জনগণকে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানান।



















