বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ফুটবলের জাদুকর লিওনেল মেসির প্রতিটি গোল, ফ্রি-কিক আর ড্রিবলিং যেন ইতিহাসের অংশ। তবে জানেন কি, তাঁর বাঁ পায়ের মূল্য শুধু মাঠেই নয়—বিমার অঙ্কেও অবিশ্বাস্য!
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মেসির বাঁ পায়ের বিমামূল্য প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো, যা প্রায় ৮৮০ মিলিয়ন মার্কিন ডলার। ক্রীড়া ইতিহাসে কোনো খেলোয়াড়ের শরীরের একটি অঙ্গের জন্য এটি অন্যতম সর্বোচ্চ বিমা মূল্য হিসেবে বিবেচিত হয়।
বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির অসাধারণ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অস্ত্র তাঁর বাঁ পা। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্যারিয়ারে ৯০০-এর বেশি গোল করেছেন, যার বেশিরভাগই এসেছে এই ‘সোনার বাঁ পা’ থেকে।
তবে বিষয়টি শুধু একটি পায়ের বিমা নয়। বিশ্বের শীর্ষ ক্লাবগুলো তাদের তারকা ফুটবলারদের জন্য স্পোর্টস ডিসএবিলিটি ইন্স্যুরেন্স করিয়ে থাকে। কোনো গুরুতর চোটে খেলোয়াড়ের ক্যারিয়ার হুমকির মুখে পড়লে বা ভবিষ্যৎ আয় কমে গেলে এই বিমা আর্থিক সুরক্ষা দেয়।
মেসির ক্ষেত্রে বিমার পরিমাণ নির্ধারণ করা হয়েছে তাঁর বেতন, স্পনসরশিপ, ইমেজ রাইটস এবং সম্ভাব্য ভবিষ্যৎ আয়ের ভিত্তিতে। ফলে বিমা সংস্থাগুলোকেও বহন করতে হয় বিশাল অঙ্কের আর্থিক দায়।
তবে এই বিমারও রয়েছে নির্দিষ্ট শর্ত। ক্লাব বা জাতীয় দলের অনুমোদিত ম্যাচের বাইরে অন্য কোথাও খেলতে গিয়ে যদি তিনি চোট পান, তাহলে সেই ক্ষতির জন্য বিমা সুবিধা প্রযোজ্য হবে না।
এ ধরনের শর্ত নতুন নয়। এনবিএ কিংবদন্তি মাইকেল জর্ডানের চুক্তিতেও ‘লাভ অব দ্য গেম’ নামে বিশেষ একটি ধারা ছিল। সেই সুবিধার কারণে ক্লাবের অনুমতি ছাড়াই তিনি যেকোনো জায়গায় বাস্কেটবল খেলতে পারতেন এবং সেখানে চোট পেলেও তাঁর বেতন-ভাতা অক্ষুণ্ন থাকত।




















