মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের University of South Florida কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
৫ মে বিশ্ববিদ্যালয়টি Bangladesh Consulate in Miami-কে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে। এতে নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
জামিল আহমেদ লিমন (২৭) Khulna University থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) Noakhali Science and Technology University-এর সাবেক শিক্ষার্থী এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার Howard Frankland Bridge সংলগ্ন এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় শেরিফ কার্যালয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।











