প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনো চূড়ান্ত হয়নি কোনো সূচি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ বা সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এমনকি তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।
তিনি আরও বলেন, সফরসংক্রান্ত যেসব তথ্য প্রচারিত হচ্ছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
একই বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)-ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় সফরে গেলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।






















