ঘরোয়া রূপটানে জবা ফুলের ম্যাজিক: ত্বক হবে কোমল, উজ্জ্বল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
ত্বকের বয়স কমানো বা হারানো গোলাপি আভা ফেরানোর জন্য প্রয়োজন দামী ব্র্যান্ডের কেমিক্যাল নয়। প্রকৃতির সঙ্গে হাত মিলিয়ে বানানো সহজ ফেস মাস্ক দিয়েও ত্বককে পুনরুজ্জ্বল করা সম্ভব। বিশেষ করে রক্তজবা ফুলের মাস্ক, যা অনেকেই ‘প্রকৃতির বোটক্স’ হিসেবেও অভিহিত করেন, ত্বকের অকাল বার্ধক্য রুখতে এবং রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া ত্বককে স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে সাহায্য করে।
কেন জবা ফুল?
রক্তজবায় থাকা আলফা-হাইড্রক্সি অ্যাসিড (AHA) ত্বকের মরা কোষ সরিয়ে ভেতর থেকে ত্বককে নতুন করে উজ্জ্বল করতে সহায়তা করে। এটি দই ও অ্যালোভেরা জেলের সঙ্গে মেশালে পার্লারের ফেশিয়ালকেও হার মানাতে সক্ষম একটি ঘরোয়া রূপটান তৈরি হয়।
কীভাবে বানাবেন মাস্কটি?
*গাছ থেকে ৪–৫টি তাজা জবা ফুল সংগ্রহ করুন।
*পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন।
*হামানদিস্তা বা মিক্সিতে পাপড়িগুলো মিহি করে পিষে নিন।
*এক চামচ টাটকা টক দই এবং সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
*সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলে আপনার মাস্ক প্রস্তুত।
ব্যবহার পদ্ধতি
*মুখ ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন।
*মুখ ও ঘাড়ের ত্বকে সমানভাবে মাস্কটি লাগান।
*১৫–২০ মিনিট অপেক্ষা করুন।
*মিশ্রণ শুকিয়ে গেলে হালকা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
নিয়মিত ব্যবহার
সপ্তাহে অন্তত দু’দিন এই মাস্ক ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই তফাত চোখে পড়বে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বকের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হবেন।
সতর্কতা
সবার ত্বক এক রকম নয়। পুরো মুখে মাস্ক লাগানোর আগে কানের পাশে বা হাতে প্যাচ টেস্ট করে নিন। যদি লালচে ভাব বা চুলকানি দেখা দেয়, ব্যবহার বন্ধ করুন।
প্রাকৃতিক এই জবা ফুলের মাস্কের নিয়মিত ব্যবহার ত্বককে করে তুলবে কোমল, মসৃণ ও উজ্জ্বল, আর হারানো ‘পিঙ্ক গ্লো’ ফিরিয়ে আনবে ম্যাজিকের মতো।





















