রিমান্ড নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) জুলাই অভ্যুত্থানের সময়ের একটি সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় রাজধানীর লালবাগ থানার মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় আরও দুটি মামলা রয়েছে। এছাড়া রংপুরে দায়ের হওয়া একটি হত্যা মামলারও আসামি তিনি।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। সহিংসতার এক মামলায় তাকে আটক করা হয়।
উল্লেখ্য, তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং টানা চার মেয়াদে এই দায়িত্ব পালন করেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর একই বছরের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
এদিকে, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে দায়ের করা একটি হত্যা মামলায় অভিযোগ করা হয়েছে, তার নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিনকে হত্যা করেন।























