হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ৭ শিশুই ঢাকা বিভাগ-এর বাসিন্দা। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩১১ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১৮০ রোগীর মধ্যে ১৩৮ জনই ঢাকা বিভাগের।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, একই সময়ে বরিশাল ও চট্টগ্রামে ১০ জন করে, খুলনায় ৯ জন, সিলেটে ৬ জন, রাজশাহীতে ৫ জন এবং রংপুরে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ময়মনসিংহ বিভাগ-এ নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও বিশেষ সতর্কতা জোরদার করা হচ্ছে।





















