পাবনায় সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেন-এর ৯৫তম জন্মবার্ষিকী তার পৈতৃক বাড়িতে পালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে অভিনেত্রীর ম্যুরালে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংবাদিক পবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, মাসুদ রানা, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় জীবন, বাংলা চলচ্চিত্রে তার অবদান এবং নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

























