অনলাইনে নয়, প্রাথমিকের পাঠদান অফলাইনেই
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকট চলমান থাকলেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয়। তাই বর্তমান পরিস্থিতিতে সশরীরে পাঠদান চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। তিনি বলেন, এখন পর্যন্ত স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষকরা যেন নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শিক্ষা দেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচি ও স্বাস্থ্যগত উন্নয়ন সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা কার্যক্রমে যাতে এর কোনো প্রভাব না পড়ে, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যে শিক্ষা খাতে নতুন কিছু কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন।





















